নবম পে-স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক চার ঘণ্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি

TheReview
TheReview,
প্রকাশিত: ০৯:০৩ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৭:১৪ এএম, ১৮ ডিসেম্বর ২০২৫

প্রতীকী
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেল নির্ধারণের বিষয় নিয়ে বুধবার(১৭ ডিসেম্বর) বিকেল তিনটায় শুরু হওয়া জাতীয় বেতন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক এখনও চলছে। সন্ধ্যা সাড়ে সাতটা পার হলেও সভা শেষ না হওয়ায় সুপারিশ চূড়ান্ত করতে সময় আরও লাগবে বলে জানা গেছে।
কমিশনের এক সদস্য বলেন, সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, তবে এখনও কিছু বিষয় চূড়ান্ত করা হয়নি। তাই আরও কিছু সময় লাগবে।

কমিশন সূত্রে জানা গেছে, অনলাইনে প্রাপ্ত মতামত এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন থেকে পাওয়া প্রস্তাবনা বিশ্লেষণের ভিত্তিতে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। পে-স্কেল নির্ধারণের সঙ্গে জড়িত নানা বিষয় বিবেচনায় নিয়ে একবারে সব সিদ্ধান্ত নেওয়া কঠিন হওয়ায় বৈঠক দীর্ঘায়িত হচ্ছে।

জাতীয় বেতন কমিশন এখনও পুরো প্রতিবেদন প্রস্তুত করতে পারেনি। কর্মচারীদের সাম্প্রতিক মহাসমাবেশ এবং কঠোর কর্মসূচি নিয়ে কমিশন কোনোভাবেই বিচলিত নয়, বরং বাস্তবসম্মত সুপারিশ তৈরিতে মনোযোগী। কমিশনের একজন কর্মকর্তা জানান, অবশ্যই কর্মচারীরা আন্দোলন করতে পারে, কিন্তু কমিশনের কাজ তাদের আশ্বাস দেওয়া বা আন্দোলন ঠেকানো নয়। নির্ধারিত সময়ের মধ্যে সুপারিশ প্রণয়ন করা কমিশনের কর্তব্য।

কমিশন থেকে জানানো হয়েছে, রিপোর্ট প্রস্তুত হলে সাংবাদিক ও সংশ্লিষ্ট সবাইকে জানানোর মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানানো হবে। তখন কমিশনের চেয়ারম্যান এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন।

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)